


নয়াদিল্লি: হরমুজ প্রণালী মুক্ত করতে মিত্র দেশগুলির কাছে ‘আবেদন’ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই সময় কোনো দেশই সেই আহ্বানে সাড়া দেয়নি। তারপরই ট্রাম্প জানিয়ে দেন, ইরানের হাত থেকে হরমুজ মুক্ত করতে আমেরিকা একাই যথেষ্ট। তার মধ্যেই এবার ইরানের বিরুদ্ধে যৌথভাবে পদক্ষেপের ইঙ্গিত দিল ছয়টি দেশ। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান—এই দেশগুলি ইঙ্গিত দিয়েছে, হরমুজে ইরানের অবরোধ তুলতে যৌথভাবে কাজ করবে তারা। তবে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে বা কবে এই পদক্ষেপ করা হবে, তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তার মধ্যে জার্মানি এবং নেদারল্যান্ডস স্পষ্ট করে দিয়েছে, তারা এই উদ্যোগে কতটা জড়িত থাকবে, তা যুদ্ধবিরতি বা অন্তত শত্রুতার অবসানের উপর নির্ভর করছে।
ইরান যেভাবে হরমুজ দখল করে রেখেছে, তারও কড়া সমালোচনা করেছে দেশগুলি। এক বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে পারস্য উপসাগরে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের উপর ইরান হামলা চালাচ্ছে, তার কড়া নিন্দা করা হচ্ছে। তেল ও গ্যাস উত্তোলনের পরিকাঠামোগুলিতে হামলারও নিন্দা করেছে দেশগুলি। পাশাপাশি হরমুজ প্রণালীকে সব দেশের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিও করা হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, জাহাজের জন্য নিরাপদ জলপথ নিশ্চিত করার কথা ওই বিবৃতিতে বলা হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ যাতে স্থিতিশীল থাকে, তার উপরেও দেশগুলি জোর দিয়েছে।