


বিশাখাপত্তনম: সম্প্রতি হৃদয় ভাঙার যন্ত্রণা ভোগ করেছেন তিনি। উৎসবের মাঝপথে বিয়ে ভেঙেছে পলাশ মুচ্ছলের সঙ্গে। জীবনের কঠিনতম ধাক্কা সামলে বাইশ গজে ফিরেছেন স্মৃতি মান্ধানা। জিতেছেন অনুরাগীদের মনও। আর সেটা মাঠ এবং মাঠের বাইরে। সম্প্রতি চিত্রপরিচালক কবীর খান একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাতে কাশ্মীরের আরু ভ্যালির এক ছোট্ট মেয়েকে বলতে শোনা যায়, সে মান্ধার অন্ধ ভক্ত। সেই ভিডিও নজরে পড়ামাত্র আবেগঘন বার্তা দিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস-ক্যাপ্টেন। তাঁর জবাবি পোস্ট, ‘অনেক অদুরে থেকেও মন মনে ওকে আমার আলিঙ্গন। এমন ভালোবাসায় সত্যিই আমি রোমাঞ্চিত।’
এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত মান্ধানা। রবিবার প্রথম ম্যাচে ব্যাট হাতে নাম তুলেছেন রেকর্ড বুকে। বিশের ক্রিকেটে চার হাজারের বেশি রান করা দ্বিতীয় মহিলা ক্রিকেটার এখন মান্ধানা। আর পুরুষ ও মহিলাদের মিলিয়ে এই কীর্তির স্বাদ পেয়েছেন মাত্র পাঁচজন। এর আগে ভারতীয়দের মধ্যে চার হাজারি ক্লাবে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবার সেই পথে হাঁটলেন মান্ধানা, যা তাঁকে মানসিকভাবে আরও তরতাজা করবে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে ভারতের প্রমীলা ব্রিগেড। প্রথম ম্যাচে ২৫ রান করলেও চেনা ছন্দে দেখা যায়নি মান্ধানাকে। এমনকি, একটি সহজ ক্যাচও ফেলেন তিনি। এদিকে, বিশ্বকাপ জয়ের পর ঘরোয়া টুর্নামেন্টে মহিলা ক্রিকেটারদের পারিশ্রমিক অনেকটাই বাড়াল বোর্ড। জাতীয় দলের খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে দৈনিক ৫০ হাজার টাকা পাবেন।