


অভিনয় কেরিয়ারের ২৫ বছর পেরিয়ে এসেছেন করিনা কাপুর খান। ২০০০-এ মুক্তি পেয়েছিল নায়িকার প্রথম ছবি ‘রিফিউজি’। এখন করিনার বয়স ৪৪ বছর। দুই সন্তানের মা সমানতালে পরিবার এবং কেরিয়ার ব্যালান্স করছেন। যতদিন ভালো কাজের সুযোগ থাকবে, ততদিন তা করে যেতে চান নায়িকা। তার জন্য জীবনের সব ক্ষেত্রে ব্যালান্স জরুরি বলে মনে করেন তিনি। সদ্য এক অনুষ্ঠানে করিনা বলেন, ‘বয়স আসলে একটা সংখ্যা মাত্র। বয়স যতই হোক আমি সুস্থ থাকতে চাই। ৭৫ বছর বয়সেও যাতে শ্যুটিংয়ে গিয়ে আমার কাজটা ঠিক ভাবে করতে পারি, সে চেষ্টা করব। সারা জীবন ধরে কাজ করতে চাই। নাতি, নাতনিদের কোলে নিতে চাই। সেজন্য আমাকে সুস্থ থাকতেই হবে।’ শুধু খাওয়া নয়, ওয়ার্কআউটের উপরও জোর দিয়েছেন করিনা। ওয়েট ট্রেনিং, হাঁটা, যোগার মাধ্যমে নিজেকে সুস্থ রাখেন। রুটিনে বাঁধা জীবনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন অভিনেত্রী। স্পষ্ট বলেন, ‘স্কিন ট্রিটমেন্ট এবং বোটক্স না করে ভালো খাবার খেয়ে, ব্যায়াম করে সুস্থ থাকা জরুরি।’ কৃত্রিম উপায়ে নিজেকে মেনটেন করা যে তাঁর পছন্দ নয়, তা স্পষ্ট করেছেন করিনা।