


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যের সরকারি পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড়সড় উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। মঙ্গলবার বারাকপুরে এক সরকারি বাস পরিষেবার উদ্বোধন করতে এসে পরিবহণমন্ত্রী অর্জুন সিং সেই উদ্যোগের কথা জানিয়ে বলেন, শীঘ্রই আধুনিক মানের ৪৬৮টি নতুন বাস আসছে। যা রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও সচল করবে। একেকটি বাসের দাম প্রায় দু’কোটি টাকা। এই বাসগুলিতে সিসি ক্যামেরা, জিপিএস সিস্টেম, নারী সুরক্ষার সব রকম ব্যবস্থা থাকবে। মন্ত্রী বলেন, আমরা সব মিলিয়ে এক হাজার বাস চেয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে। তার মধ্যে আপাতত ৪৬৮টি বাস মঞ্জুর হয়েছে। এদিন বারাকপুর পুরানো কোর্ট থেকে ধর্মতলা পর্যন্ত এস-১১বি রুটের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী। এই বাস সোদপুর, ডানলপ, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে এসপ্লানেডে আসবে। অর্জুন সিং বলেন, গোটা দপ্তরকেই দুর্নীতির আঁতুড়ঘর বানিয়েছিল পূর্বতন সরকার। বাসের টায়ার, যন্ত্রাংশ সবই চুরি যেত। এখন পরিস্থিতি বদলেছে। যে ফাঁকফোকরের সুযোগকে কাজে লাগিয়ে দুর্নীতি করা হয়েছিল, সেগুলি ভরাট করার চেষ্টা চলছে। গোটা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে।
কাঁচরাপাড়া থেকে বারাকপুর পর্যন্ত বেসরকারি রুটের ৮৫ নম্বর বাস দীর্ঘদিন ধরেই বন্ধ। পরিবহণমন্ত্রী বলেন, ওই রুটের মালিকদের বলেছি, আপনারা বাস চালান। আমরা পারমিট দেব। আমরা চাই, সব বাসই রাস্তায় থাকুক, যাতে যাত্রীদের বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়। খড়দহ থেকে নবান্ন পর্যন্ত নতুন রুট এস ৭১ চালু হবে শীঘ্রই। ইলেকট্রিক বাস এবং সিএনজি চালিত বাসও নামানো হবে। গণপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন অর্জুন সিং। তিনি স্পষ্টই বলেছেন, কোনো অবৈধ অটোকে চলতে দেওয়া হবে না। কেউ এক জায়গার পারমিট নিয়ে অন্য জায়গায় অটো চালাবেন, এসব চলবে না। যেখানকার পারমিট সেখানে চালাতে হবে। নিজস্ব চিত্র