


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজন ছিল একটি ৩১৫ কেভিএ ট্রান্সফর্মার। আর সেই ট্রান্সফর্মার বসানোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিনিময়েই নাকি দাবি করা হয়েছিল ২০ হাজার টাকা ঘুষ। অভিযোগ পেয়েই ফাঁদ পাতে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা। শেষ পর্যন্ত অভিযোগকারীর কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন নিউ ব্যারাকপুরে কর্মরত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এক আধিকারিক।
জানা গিয়েছে, নিউ ব্যারাকপুরের এক বাসিন্দা লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ৩১৫ কেভিএ ট্রান্সফর্মার বসানোর ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে সংশ্লিষ্ট আধিকারিক তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করেছিলেন। সরকারি পরিষেবা পাওয়ার জন্য এভাবে বেআইনি অর্থ দাবি করার অভিযোগ সামনে আসতেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে তদন্তকারী আধিকারীকরা। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর পরিকল্পনামাফিক ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভিযোগকারীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার সময় অভিযুক্ত আধিকারিককে ধরে ফেলেন তদন্তকারীরা। এই ঘটনায় দুর্নীতি দমন আইন, ১৯৮৮-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে এসিবি।