


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় মুরাশু নিয়ে আপাতত স্বস্তিতে বাংলা। অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের কাছে স্থলভাগে আছড়ে পড়ার পর উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। তবে এর কোনো প্রভাব বাংলায় পড়বে না বলে স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির উপর কড়া নজর রাখছে মৌসম ভবন। অন্যদিকে, রাজ্যের কয়েকটি জেলায় আগামীকাল অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকেই ধীরে ধীরে শুষ্ক হবে আবহাওয়া। শুরু হবে শীতের আমেজ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবারের পর থেকে রাজ্যের অধিকাংশ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পর্ব কাটলে তাপমাত্রার পারদেও নিম্নমুখী হবে। আগামী তিন দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের কোনও সরাসরি প্রভাব না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং তার পর তাপমাত্রা কমার হাত ধরে রাজ্যে শীতের আমেজ আরও বাড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।