


সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর পাঠভবনের আবাসিক পড়ুয়াদের নানা সমস্যা নিয়ে এবার একাধিক মহলে অভিযোগ জানালেন অভিভাবকরা। খাবারের মান, পড়াশোনার পরিবেশ এবং পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে স্বাস্থ্য পরিষেবা, পরিচ্ছন্নতা, পানীয় জল এবং হস্টেলের পরিবেশ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সোমবার রাতে ই-মেল করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উচ্চশিক্ষা মন্ত্রকের কাছে অভিযোগ জানান অভিভাবকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ই-মেল পাঠানো হয়। দ্রুত হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। অভিযোগপত্রের প্রতিলিপি বিশ্বভারতী কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। এব্যাপারে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ কোনো মন্তব্য করতে চাননি। অভিভাবকদের অভিযোগ, পাঠভবনের আবাসিক পড়ুয়াদের খাবারের জন্য প্রতিদিন প্রায় ১০৪টাকা দিতে হয়। তা সত্ত্বেও খাবারের গুণমান ভাল নয়। খাবারে পোকামাকড় বা কেন্নো পাওয়ার অভিযোগ উঠেছে। আবার কখনও প্লাস্টিকের টুকরো মেলার অভিযোগ সামনে এসেছে। হস্টেলে পড়ুয়াদের শারীরিক ও মানসিক হেনস্তার অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের আশঙ্কা, অভিযোগ জানালে তার প্রভাব তাঁদের সন্তানদের উপর পড়তে পারে। চিঠিতে স্বাস্থ্য পরিষেবা এবং স্যানিটেশন ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে। পানীয় জল, বায়ো-টয়লেট, পরিচ্ছন্নতা এবং পড়াশোনার সুযোগ-সুবিধা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আবাসিক পড়ুয়াদের জন্য সামগ্রিকভাবে নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, সমস্যা নিয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই এবার বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উচ্চশিক্ষা মন্ত্রক এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি। আশা করি সদর্থক পদক্ষেপ নেওয়া হবে।