


ঢাকা, ২২ ডিসেম্বর: বাংলাদেশে ওসমান হাদির খুনের পর আরও এক ছাত্রনেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ সামনে উঠে এল। খুলনায় এই হামলার ঘটনা ঘটেছে। গুলিতে আহত ছাত্র নেতার নাম মহম্মদ মোতালেব শিকদার। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় প্রধা। পাশাপাশি এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। জানা গিয়েছে, আজ সোমবার সকাল ১১টা৪৫ মিনিট নাগাদ খুলনার সোনাডাঙ্গা এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।
মোতালেবের কানের পাশে গুলি লেগেছে। আর কয়েকদিনের মধ্যে এই খুলনার সোনাডাঙ্গা এলাকাতেই জাতীয় নাগরিক পার্টি একটি মিছিল হওয়ার কথা ছিল। তারই প্রস্তুতি খতিয়ে দেখছিলেন মোতালেব। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। উল্লেখ্য,গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছিলেন তীব্র ভারত বিরোধী হাদি। সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি শোনা গিয়েছিল তাঁর সমস্ত উস্কানিমূলক ভাষণেই। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইউনুস সরকারের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগের এক কর্মী হাদির মাথায় গুলি করেন। এরপরই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ।