


ব্রিসবেন: টি-২০ সিরিজে ভারতের কাছে ঘরের মাঠে হেরেছে অস্ট্রেলিয়া (১-২)। তবে তিন ম্যাচের ওডিআই সিরিজের শুরুটা দাপটে করল হোম টিম। মঙ্গলবার প্রথম একদিনের ম্যাচে হরমনপ্রীত কাউর ব্রিগেডকে ৭০ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৪৮.৩ ওভারে থামে ২১৪ রানে। স্মৃতি মান্ধানা (৬৮ বলে ৫৮) ও হরমনপ্রীত (৮৪ বলে ৫৩), কাশভি গৌতম (৪৪ বলে ৪৩), রিচা ঘোষ (৩৮ বলে ২৩) ছাড়া কেউ বড় রান পাননি। গোড়ালির চোট সারিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে প্রতীকা রাওয়াল (০) খাতা খোলেননি। শেফালি ভার্মা (৪), জেমাইমা রডরিগেজ (৮), দীপ্তি শর্মা (২) ব্যর্থ।
জবাবে ৩৮.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া (২১৭-৪)। বেথ মুনি (৭৯ বলে ৭৬), ক্যাপ্টেন অ্যালিসা হিলি (৭০ বলে ৫০), অ্যানাবেল সাদারল্যান্ড (৪৪ বলে অপরাজিত ৪৮), ফোয়েবে লিচফিল্ড (৩২ বলে ৩২) রান পান। উল্লেখ্য, এটাই অ্যালিসা হিলির বিদায়ী ওডিআই সিরিজ। এদিকে, হারের দিনে ক্যাপ্টেন হরমনপ্রীতের চোট চিন্তা বাড়াল ভারতীয় শিবিরে।