


সিডনি, ১৫ ডিসেম্বর: সন্ত্রাসবাদ আর পাকিস্তান যেন সমার্থক। এবার সিডনি হামলায় সামনে এলো পাক যোগ। আরও একবার বিশ্বের দরবারে মুখ পুড়ল পাকিস্তানের।
রবিবার অস্ট্রেলিয়ার সৈকত শহর সিডনিতে ইহুদিদের একটি উৎসবে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। পুলিশকর্মী সহ আরও ৪০ জখম। ইতিমধ্যে দুই হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তারা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গিয়েছে। গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি সবথেকে ভয়াবহ জঙ্গি হামলা। বিশেষত, বন্দুক নিয়ে এত কড়াকড়ির মধ্যে কীভাবে এমন ঘটনা ঘটে গেল, তা নিয়ে হতবাক সেদেশের সাধারণ মানুষ।
পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয়েছে সাজিদ আক্রম (৫০) নামে এক বন্দুকবাজের। অপর হামলাকারী বছর চব্বিশের নাভীদ আক্রমের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তার চিকিৎসা চলছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মাল লেনন সোমবার জানিয়েছেন, সাজিদ ও নাভীদ সম্পর্কে বাবা-ছেলে। এদিকে, মার্কিন গোয়েন্দা আধিকারিকদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী বাবা-ছেলে পাক বংশোদ্ভূত। এরমধ্যে নাভীদের ড্রাইভিং লাইসেন্স সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে যে ছবিটি আছে তাতে তাকে সবুজ টি-শার্ট পরে দেখা গিয়েছিল। একটি পাকিস্তান ক্রিকেট দলের জার্সি।
দু’হাজার দুশো বছর আগে গ্রিকদের হাত থেকে জেরুজালেমকে উদ্ধার করেছিলেন ইহুদিরা। জয়কে স্মরণীয় করে রাখতে প্রতি বছর হানুকা উৎসবে মেতে ওঠেন ইহুদি ধর্মাবলম্বী মানুষজন। আটদিনব্যাপী হানুকা উৎসবের রবিবারই ছিল প্রথম দিন। সিডনির বন্ডি সৈকতে সেই উপলক্ষ্যে জমা হয়েছিলেন কয়েকশো মানুষ। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হঠাৎই সেখানে হাজির হয় দুই বন্দুকবাজ। এরপর ঘণ্টাখানেক ধরে চলে তাদের তাণ্ডব।