


ইসলামাবাদ, ৩ এপ্রিল: পাকিস্তানের পাখতুনখোয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ। মৃত্যু হল এক শিশু ও তিনজন মহিলা-সহ মোট পাঁচ জনের। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৪ জন পুলিশ কর্মীও রয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। সে দেশের পুলিশ জানিয়েছে, বান্নু জেলায় একটি থানাকে লক্ষ্য করে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতা প্রচণ্ড বেশি ছিল। বেশ কয়েক মাইল দূর থেকেও তার আওয়াজ শোনা যায়।
বিস্ফোরণের জেরে থানা সংলগ্ন বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন। বর্তমানে ধ্বংসস্তুপ সরিয়ে আহতদের উদ্ধারের কাজ চলছে। ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, পাখতুনখোয়া অত্যন্ত স্পর্শকাতর এলাকা। এর আগেও বহুবার এই অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে। ২০১৪ সালে স্কুলে হওয়া হামলায় ১৫০ জনের মৃত্যু হয়, ২০২৩ সালে এই অঞ্চলেই মসজিদে ভয়াবহ হামলা হয়েছিল।