


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রথযাত্রার আগে শহরজুড়ে বসল রথের বাজার। তবে লেক মার্কেট চত্বরে অন্যান্য বছরের তুলনায় দেখা গেল নতুন ছবি। মূল রাস্তা ছেড়ে দোকানিরা অল্প কয়েকটি রথ নিয়েই বসেছিলেন। গড়িয়া কিংবা ভবানীপুরের যদুবাবুর বাজারেও কার্যত একই চিত্র চোখে পড়ল। গত বছরের তুলনায় ছোট-ছোট রথের দাম এবার বেড়েছে। এই বছরে বাজারে নতুন ধরনের রথের খুব একটা দেখা মেলেনি। তবে রথ কেনার উত্সাহও কমেনি। লেক মার্কেটের এক দোকানির কথায়, ‘আগে তো আমরা প্যান্ডেল বেঁধে রথের দোকান বসাতাম। এই বছর প্রথমে তো শুনছিলাম বসতেই দেবে না। তাই অল্প ক’টা রথ নিয়ে বসেছি।’ আর এক দোকানির কথায়, ‘আমাদের দোকান রয়েছে, আমরা সেখানেই রথ নিয়ে বসেছি।’ তার উপর যখন-তখন বৃষ্টি তো রয়েইছে। রথ নিয়ে বসা এক দোকানি বলছিলেন, ‘আমরা রথ কিনে গোডাউনে রেখেছি। বৃষ্টির জন্য খুব বেশি বাইরে বার করিনি। শেষ হয়ে গেলে আবার নিয়ে আসছি।’ ভবানীপুরের যদুবাবুর বাজারে দেখা গেল, বৃষ্টির জন্য বেশ বিপাকে পড়তে হয়েছে দোকানিদের। বৃষ্টি এলেই প্লাস্টিক দিয়ে ঢাকতে হচ্ছে পসরা। সেখানকার এক দোকানি বলছিলেন, ‘আমরা তো প্রতিবছরই এখানে বসি। এই বছর কয়েকটা দোকান বসেছে।’ আর ক্রেতাদের বক্তব্য, ‘রথের দাম এই বছর অনেকটাই বেড়েছে। ছোট রথের দামও ৫০০ টাকার নীচে নেই। কিন্তু, বাড়ির ছোটোদের জন্য তো কিনতেই হয়। তাই যতটা দরদাম করে নেওয়া যায়, সেটাই ভালো।’