


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার সকালে উত্তর কলকাতার সিমলায় স্বামী বিবেকানন্দের জন্মভিটায় চুরি হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের এই শাখা কেন্দ্রের প্রার্থনা গৃহ থেকে কয়েকটি ফ্যান, দামি চেয়ার সহ কিছু জিনিসপত্র চুরির অভিযোগ ওঠে। মিউজিয়ামে থাকা দুষ্প্রাপ্য জিনিসপত্র সব অক্ষত আছে কি না তা খতিয়ে দেখছে মিশন কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসনের লোকজন। মঠ সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ জানিয়েছেন, এদিনই গিরিশ পার্ক থানায় চুরির অভিযোগ জানানো হয়েছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। মঠ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ এক ব্যক্তি মঠে এসে জানান, স্থানীয় বিধায়কের নির্দেশে তিনি মঠ চত্বরের বাইরের দেওয়ালে রথযাত্রা উপলক্ষে কয়েকটি ব্যানার টাঙাতে এসেছেন। মঠ কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে জানায়, ব্যানারে কী লেখা আছে, তা দেখেই এই বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবে। ওই ব্যক্তি চলে গেলে পরে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। মঠের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, যে ব্যক্তি ব্যানার টাঙানো নিয়ে কথা বলতে এসেছিলেন, তিনিই মঠ থেকে কয়েকটি চেয়ার নিয়ে চলে যাচ্ছেন। পুলিশ ওই ব্যক্তির সন্ধানে এলাকায় তল্লাশি শুরু করেছে।