


সংবাদদাতা, মানবাজার: সোমবার মানবাজারে জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মনসা পুজো উপলক্ষে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মানুষের জন্য বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় পরম্পরার কথা তুলে ধরে তিনি আগামীকাল মঙ্গলবার মনসা পুজো উপলক্ষে দুই জেলায় সরকারি ছুটির ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে পুরুলিয়ার সাংসদ বলছিলেন দাদা এমন একটা দিনে যাচ্ছেন পুরুলিয়া-বাঁকুড়ায়। মা মনসার পুজো আগামীকাল। উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, এটা এক ঐতিহ্য, এক সংস্কৃতি এবং এক ধর্মীয় পরম্পরা। সেই ঐতিহ্য মেনে মা মনসার পুজো আগামীকাল থেকে চলবে আরও দুদিন। মনসা পুজোর প্রাক্কালে পুরুলিয়া ও বাঁকুড়ার সমস্ত মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আপনাদের সকলকে মনসা পুজোর প্রাক্কালে অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এরপরই তিনি বলেন, বিগত সরকার যা করেনি, আমরা তাই করতে চলেছি। এরপরই মঙ্গলবার মনসা পূজা উপলক্ষে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় সরকারি ছুটি থাকবে বলে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলে তাঁকে করতালি দিয়ে স্বাগত জানান। সেই সঙ্গে অনুষ্ঠানস্থলে শোনা যায় জয় শ্রীরাম ধ্বনিও।
পুরুলিয়া ও বাঁকুড়ায় মা মনসার পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের লোকসংস্কৃতি, সামাজিক ঐতিহ্য এবং মানুষের আবেগ। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়ে বেশ কয়েকদিন ধরে চলবে পুজো ও বিভিন্ন অনুষ্ঠান।
এদিন গোপালনগর থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এসেছিলেন মন্টুলাল মাহাত। তিনি বলেন, মনসা পুজোতে ছুটি ঘোষণা করায় সরকারি কর্মীদের জন্য খুব খবর। আমাদের ছেলেমেয়েরা এমনিতেই স্কুলে যেতে চায় না। ছুটি ঘোষণা করায় পোয়াবারো হল। নেপাল মাহাত বলেন, মনসা পুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করায় ভালোই লাগছে। -নিজস্ব চিত্র