


নয়াদিল্লি: ২০২৩ সালে নতুন আইন এনে নির্বাচন কমিশনারদের পূর্ণ সুরক্ষা দিয়েছিল মোদি সরকার। আইনে বলা হয়, মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য নির্বাচন কমিশনারদের নেওয়া কোনো সিদ্ধান্তের জন্য তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যাবে না। শুধু পদে থাকাকালীন নয়, অবসরের পরও এই রক্ষাকবচ কার্যকর থাকবে। এমন সুরক্ষা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও পান না। বিরোধীদের অভিযোগ, বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বাঁচাতেই নতুন আইন কার্যকর করা হয়। নির্বাচন কমিশনারদের সেই রক্ষাকবচ নিয়ে এবার কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। নতুন আইনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী অরুণকুমার আগরওয়াল। তিনি যুক্তি দেন, রক্ষাকবচের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম রাখা হয়নি। যদি কোনো নির্বাচন কমিশনার অসত্ উদ্দেশ্যে বা এক্তিয়ার বহির্ভূতভাবে সিদ্ধান্ত নেন, তাহলেও এই রক্ষাকবচের জন্য ব্যবস্থা নেওয়া যাবে না। এই ধরনের নিরঙ্কুশ সুরক্ষা প্রদানের ফলে নাগরিকরা আইনি অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন। ওই আইনের ১৬ নম্বর ধারাকে ‘অসাংবিধানিক’ অ্যাখা দিয়ে খারিজের আবেদন জানান অরুণ। বিষয়টি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের জবাব জানতে চেয়ে নোটিস জারি করে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ।