


সংবাদদাতা, উলুবেড়িয়া: বর্ষার মরশুমে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেশি। এর মধ্যে উলুবেড়িয়া পুর এলাকার জন্য স্বস্তির খবর। এখানে সেভাবে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়নি। উলুবেড়িয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, জুন মাস থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মাত্র ৮। পুরসভা এলাকায় গত ১৭ আগস্ট শেষ ডেঙ্গু আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তারপর আর নতুন করে কোনো ডেঙ্গু আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। উলুবেড়িয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছিল ৯, ১০, ২৩ এবং ২৪ নম্বর ওয়ার্ডে। পুরসভার স্বাস্থ্যবিভাগের এক কর্তা জানান, পুর এলাকায় হাতেগোনা কয়েকজন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে এবার. তবে আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই, সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং নাগরিকদের সচেতন করা হচ্ছে।