


ইম্ফল: ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) অধ্যাপক অংগোমচা বিমোল অকোইজামকে চাকরি থেকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর থেকেই মণিপুরের এই কংগ্রেস সাংসদকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে বিজেপি শিবির। এবার এই বিতর্কে মণিপুরে পদ্ম পার্টির অন্দরের অস্বস্তি সামনে এসেছে। রাজ্যে দলের নেতাদের একাংশ এই ঘটনায় বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা করছেন। মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং, তাঁর পূর্বসূরি এন বীরেন সিং সহ একাধিক সিনিয়র নেতা অকোইজামের বিরুদ্ধে সরব হয়েছেন। তবে বিজেপি একটি অংশ আবার কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মুখ খোলার ক্ষেত্রে সংযমের পক্ষপাতী। তাঁদের মতে, মেইতেই প্রভাবিত ইম্ফল উপত্যকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে কংগ্রেস সাংসদের। তাঁর বিরুদ্ধে একতরফা প্রচার চালালে উলটো ফল হতে পারে। পদ্মপার্টির বিধায়ক তংব্রাম রবিন্দ্র সিং সরাসরি অকোইজামের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছে, সংসদে বারবার মণিপুরের সমস্যার কথা তুলে ধরেছেন কংগ্রেস সাংসদ। তাই তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করা উচিত নয়। এতে আমাদের দলেরই ক্ষতি হতে পারে।