


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় হকির সাম্প্রতিক সাফল্যে ওড়িশার অবদান অনস্বীকার্য। পরিকঠামোগত দিক থেকে তো বটেই, আর্থিকভাবেও হকির জন্য দরাজ তারা। সাফল্যও মিলছে হাতেনাতে। সেই মডেলেই এবার ফুটবলের পাশে দাঁড়াতে চায় পশ্চিমবঙ্গ সরকার। শনিবার যুবভারতীতে ব্রাজিল বনাম ভারত ম্যাচের পরেই এমনটা জানিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতেই আশার ঝিলিক কলকাতার ফুটবল মহলে। লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সাধুবাদ জানাই। আমরাও সেই উন্নয়নের পরিকল্পনার অংশীদার হতে চাই। ফুটবলের প্রচার ও প্রসারে ইস্ট বেঙ্গল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’
পাশাপাশি এবার নিজেদের অ্যাকাডেমি গড়তে মরিয়া কর্তারা। এর আগেও সে জন্য জমি চেয়ে সরকারের কাছে আবেদন করেছিল ইস্ট বেঙ্গল। সেই প্রচেষ্টা অব্যাহত। এবিষয়ে কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকারকে ফের চিঠি দিতে চলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। জমি পেলে নিজেদের খরচে ইস্ট বেঙ্গল অ্যাকাডেমি গড়তেও প্রস্তুত কর্তারা। এবিষয়ে শীর্ষকর্তা জানালেন, ‘ফুটবলার তুলে আনতে দেশজুড়ে তৃণমূল স্তরে কাজ করা জরুরি। আরও অ্যাকাডেমি প্রয়োজন। প্রতিটি ক্লাব ও ফ্র্যাঞ্চাইজির এগিয়ে আসা উচিত।’ একই সঙ্গে ইনভেস্টর সমস্যাও দ্রুত মেটাতে বদ্ধপরিকর কর্তারা। চলতি মরশুমে ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি এসিএল টু’য়ে অংশ নিচ্ছে হাবাস ব্রিগেড। মহিলা দলও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে। ভারতের জাতীয় দলের একঝাঁক ফুটবলার ছাড়াও বিদেশিরাও রয়েছেন। ফলে অর্থের সংস্থান প্রয়োজন। এবিষয়ে লাল-হলুদের শীর্ষকর্তার আশ্বাস, ‘আমরা চেষ্টা করছি। আশা করি, শীঘ্রই ইনভেস্টরের সমস্যা মিটে যাবে।’