


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাদের কারও বয়স সাত, কারও আট। কেউ আবার সদ্য দশের গণ্ডি পেরিয়েছে। বিশ্বের সেরা ফুটবলারদের হাত ধরে মাঠে প্রবেশ তাদের কাছে একপ্রকার স্বপ্নই বটে। চেন্নাইয়ের আদিয়ার থিওসফিক্যাল অ্যাকাডেমির উদ্যোগে ভারত বনাম ব্রাজিল ম্যাচে হাজির ছিল ২৫ জন খুদে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই রোমাঞ্চিত শিশুদেরই একজন কেরলের সাহিথ পালানিভেল। ম্যাচের শুরুতে সাম্বা ব্রিগেডের তারকা ফুটবলার ভিনিসিয়াসের হাত ধরে মাঠে ঢোকার সৌভাগ্য হয়েছিল তার।
ভিনিসিয়াসের অন্ধভক্ত বছর আটেকের সাহিথ। প্রিয় তারকার সঙ্গে কাঙ্ক্ষিত সেই সাক্ষাৎ রূপ নিল এক অবিস্মরণীয় মুহূর্তে। টানেলে ভিনিসিয়াসের দিকে এগিয়ে যেতেই সাহিথকে দেখে উষ্ণ ‘হাই’ বলে অভিবাদন করেন ব্রাজিলিয়ান তারকা। যে খুদে ভক্ত দূর থেকে প্রিয় তারকাকে দেখে বড়ো হয়েছে, তার কাছে মাত্র কয়েক সেকেন্ডের এই মোলাকাত অলৌকিক মনে হওয়ার জন্য যথেষ্টই। হাজার হাজার সমর্থক এবং ভারত-ব্রাজিল ম্যাচের এই মহাসমারোহের মধ্যে সেই ছোট্ট আলাপচারিতাই হয়ে উঠল সাহিথের সবচেয়ে মূল্যবান স্মৃতি।
এদিকে, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলে রবিবার শহর ছাড়ল ব্রাজিল। শনিবার মধ্যরাতেই আলাদা বিমানে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দেন ভিনিসিয়াস। এরপর কোচ আনসেলোত্তির সঙ্গে এনড্রিক, ব্রুনো গুইমারেস সহ আটজন ফুটবলার দেশে ফেরেন। বাকিরা ভোরের বিমানে ভারত ছাড়েন।