


সঞ্জয় সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্স থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল—কলকাতার প্রতিটি কোণায় জড়িয়ে রয়েছে এক অদ্ভুত ভালোবাসা আর নস্টালজিয়া। এই শহর শুধু ইঁট-পাথরের জঙ্গল নয়, এক অনন্য অনুভূতি। যাঁরা একবার এই শহরের প্রেমে পড়েছেন, তাঁরা জানেন এর টান উপেক্ষা করা কতটা কঠিন। প্রথমবার কলকাতায় খেলতে এসে উরুগুয়ের ফুটবলাররাও তা পারলেন না। বৃষ্টির কারণে এদিন তাদের অনুশীলন বাতিল হয়। অগত্যা রবিবার ছুটির দিনে ঘণ্টা দুয়েকের জন্য শহর পরিক্রমায় বেরিয়ে পড়েন ডারউইন নুনেজ, রোনাল্ড আরাহুরা। প্রাথমিকভাবে লক্ষ্য ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ক্যাথিড্রাল চার্চ ঘুরে দেখার। শহর পরিক্রমার মধ্যেই উরুগুয়ের ফুটবলারদের চোখে পড়ে ইডেন গার্ডেন্স। শহরের বুকে এতবড়ো একটা স্টেডিয়াম দেখে হকচকিয়ে যান তাঁরা। বিশেষ অনুমতি নিয়ে ঢুকে পড়েন ক্রিকেটের নন্দন কাননে। এখানেই শেষ নয়, ড্রেসিং-রুম থেকে ব্যাট-বল তুলে নিয়ে ক্রিকেট খেলায় মজে ওঠেন আরাহুরা। এরপর দেদার ফটোসেশন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। ক্যাপশনে লেখা, ‘ইডেন গাডেন্সে গিয়ে ক্রিকেট খেলার চেষ্টা করলাম। এটাই তো ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা!’
এদিন ইডেনে ব্যাট-বল হাতে সবচেয়ে বেশি আগ্রহ দেখান লুকাস তোরেইয়া ও ডারউইন নুনেজ। ক্লাব ফুটবলের সুবাদে তাঁরা দু’জনেই দীর্ঘ সময় ইংল্যান্ডে কাটিয়েছেন। তাই ক্রিকেট সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে। ইডেনে পা রাখার আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ক্যাথিড্রাল চার্চেও অনেকটা সময় কাটান আরাহুরা।
২০২৬ বিশ্বকাপে ব্যর্থতার পর কোচ ডিয়েগো ফোরলানের হাত ধরে নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতে পা রাখার আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে তারা। মঙ্গলবার খালিদ ব্রিগেডের মুখোমুখি হবে উরুগুয়ে। অতীতে ক্লাব ফুটবলে মুম্বই সিটির হয়ে খেলে গিয়েছেন ফোরলান। ফলে কলকাতাবাসীর ফুটবলপ্রেম তাঁর অজানা নয়। এবার কোচ হিসাবে যুবভারতীর উন্মাদনা চাক্ষুস করতে চান ২০১০ বিশ্বকাপের সেরা ফুটবলার।