


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের বড়ো ম্যাচে নাকে চোট পেয়েছিলেন মনোতোষ মাঝি। পাশাপাশি অফিস খেলা থাকায় সুপার সিক্সের ম্যাচে অনিশ্চিত চাকু মান্ডি ও অঙ্কন ভট্টাচার্য। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে দল সাজাতে গিয়ে বড়ো সমস্যায় পড়তে হত ইস্ট বেঙ্গলকে। সেই কথা মাথায় রেখে বুধবার আইএফএ’কে ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানান ক্লাব কর্তারা। একই হাল ইউনাইটেডেরও। গ্রুপ পর্বে খেলা বেশ কয়েকজন ফুটবলার দল ছেড়েছেন। তাঁদের পরিবর্তে নতুন ফুটবলার নিতে গেলে হাতে অন্তত দু’দিন সময় প্রয়োজন। তাই তারাও ম্যাচ পিছনোর আরজি জানান। তাই দুই ক্লাবের কথাকে গুরুত্ব দিয়ে ইস্ট বেঙ্গল বনাম ইউনাইটেড ম্যাচ একদিন পিছিয়ে দিল আইএফএ। বৃহস্পতিবারের পরিবর্তে ম্যাচটি হবে শুক্রবার। সময় ও ভেন্যু একই থাকছে। একই সঙ্গে সুপার সিক্সে দু’টি ম্যাচের মধ্যে যেহেতু ৪৮ ঘণ্টার ব্যবধান রাখতে হয়। তাই ১৩ সেপ্টেম্বর মোহন বগান বনাম ইউনাইটেড ম্যাচটিও একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
ঘরোয়া লিগে সুপার সিক্সের জন্য দু’জন নতুন ফুটবলারকে দলে নিচ্ছে ইস্ট বেঙ্গল। নিয়মানুসারে, লিগে গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলগুলির থেকে কোনো ফুটবলারকে সই করাতে পারবে সুপার সিক্সে যোগ্যতা অর্জনকারী দলগুলি। সেই মতো কাস্টমসের বাতাস মুর্মু ও কালীঘাট এমএস থেকে অর্ঘ্য সরকার যোগ দিলেন ইস্ট বেঙ্গলে।
এদিকে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে রবিবার ভোরে শহর ছাড়ছে হাবাস ব্রিগেড। ১৬ সেপ্টেম্বর জর্ডনের আল হুসেইনের মুখোমুখি হবেন আনোয়ার-রশিদরা। ইতিমধ্যেই এই ম্যাচের জন্য জোর কদমে প্রস্তুতি সারছে ইস্ট বেঙ্গল। বুধবার অবশ্য অনুশীলনে আসেননি মহম্মদ রশিদ। বাকিদের নিয়েই আল হুসেইন ম্যাচের প্রস্তুতি সারলেন লাল-হলুদ কোচ। এফিয়ংয়ের ভিসা সমস্যা এখনও না মেটায় এই ম্যাচেও বিদেশি স্ট্রাইকার ছাড়াই দল সাজাতে হতে পারে তাঁকে।