


মুম্বই, ৮ নভেম্বর: হুলুস্থুল কাণ্ড মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে! সশস্ত্র ‘দেহরক্ষী’ সহ ধরা পড়লেন এক ভুয়ো পিএমও আধিকারিক। তাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠান শুরুর আগে। ধৃত ব্যক্তির থেকে বাজেয়াপ্ত হয়েছে ভুয়ো পরিচয়পত্র। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজন করা হয়েছে গ্লোবাল ফিনটেক ফেস্ট। যার উদ্বোধক স্বয়ং প্রধানমন্ত্রী। ১২ সেপ্টেম্বর পর্যন্ত চারদিন ধরে চলবে এই অনুষ্ঠান। এমন এক হাইপ্রোফাইল ইভেন্টের নিরাপত্তায় যে বিশেষ কড়াকড়ি থাকবে তা বলার অপেক্ষা রাখে না। গতকাল রাতে সিকিউরিটি প্রোটোকল ড্রিলের সময় ধরা পড়ে গলদ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দু’জনকে।
মুম্বই পুলিশের বক্তব্য অনুযায়ী, রোহন প্রকাশ নামে বছর ২৪ বয়সি ওই যুবক নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মী পরিচয় দিয়েছিলেন। কিন্তু তাঁর আচরণে সন্দেহ হয় কর্তব্যরত আধিকারিকদের। পরিচয়পত্র যাচাই করতেই বোঝা যায় সেটি ভুয়ো। এর পরে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। আটক করা হয়েছে রোহনের এক ‘দেহরক্ষী’কে। তাঁর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি বন্দুক। কোন মতলবে তারা সেখানে গিয়েছিলেন, তদন্ত করে দেখা হচ্ছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চকে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে।