


নিজস্ব প্রতিনিধি, বরানগর: দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল তথা কাউন্সিলার প্রদীপ মজুমদারকে দমদম থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, পুরানো তোলাবাজির মামলায় তাঁকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তিনি গা ঢাকা দিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি জামিন নেওয়ার জন্য বারাকপুর আদালতে স্যারেন্ডার করেছিলেন। কিন্তু পুলিশ খবর পেয়ে জামিনের বিরোধিতা করে। পুলিশের দাবি মতো বিচারক প্রদীপবাবুকে চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। অন্যদিকে, এদিন রাতে দমদমের প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুণ নট্টকে নাগেরবাজার থানার পুলিশ তোলাবাজি জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে এনেছে। প্রদীপবাবু ২০০৯ সালে দক্ষিণ দমদম পুরসভার চার নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার নির্বাচিত হয়ে সিআইসি হয়েছিলেন। ২০১৫ সালের পুরভোটে তিন নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করে কাউন্সিলার ও সিআইসি হন। ২০২৩ সালের পুরভোটে তিনি ফের চার নম্বর ওয়ার্ড থেকে জিতে কাউন্সিলার হন। পালাবদলের পর তিনি এলাকায় ছিলেন। মাস দুয়েক আগে তাঁর নামে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁর মোবাইলও বন্ধ থাকত। পুলিশ জানিয়েছে, ধৃতকে তোলাবাজি সহ অন্যান্য কেসে জিজ্ঞাসাবাদ করা হবে।
তোলাবাজি মামলায় দমদম থানার পুলিশ আগেই দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্টকে গ্রেপ্তার করেছিল। তিনি দীর্ঘদিন পুলিশ হেপাজত ও জেল হেপাজতে কাটিয়ে জামিন পেয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বরুণকে ফের নাগেরবজার থানার পুলিশ তাঁকে থানায় তুলে আনে। পুলিশ জানিয়েছে, তোলাবাজির কেসে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে ডাকা হয়েছে। সন্তোষজনক উত্তর না পেলে আইনি পদক্ষেপ করা জতে পারে। একই দিনে পরপর দুই ঘটনায় দমদম জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।