


কাঠমাণ্ডু: ‘জেন-জি’ আন্দোলনে অন্যতম মুখ হিসাবে উঠে এসেছিলেন র্যাপার বালেন্দ্র শাহ। সাধারণ নির্বাচনে দলের জয়ের পর শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। তার ২৪ ঘণ্টার মধ্যেই বড়ো পদক্ষেপ নিলেন তিনি। জেন-জি আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি ওলিকে গ্রেপ্তার করল পুলিশ।
শনিবার ভোরে ভক্তপুর জেলার গুন্ডু এলাকা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে হেপাজতে নিয়েছে পুলিশ। একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের নেতা রমেশ লেখাককে। এই পদক্ষেপকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে কটাক্ষ করেছেন ওলি। এদিন তাঁর গ্রেপ্তারির খবর ছড়াতেই নেপালের বিভিন্ন প্রান্তে পথে নামে সিপিএন-ইউএমএল দলের কর্মী ও সমর্থকেরা। দলের সভাপতি মহেশ বাসনেত ওলির গ্রেপ্তারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তোপ দেগেছেন। প্রতিবাদে সরব নেপালি কংগ্রেস সহ নেপালের বিভিন্ন রাজনৈতিক দলও। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর জেন-জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল নেপাল। আন্দোলনে ২০ জনের বেশি যুবক সহ ৭৬ জনের মৃত্যু হয়। পতন হয় ওলি সরকারের। এরপরই হিংসার ঘটনার তদন্তে বিশেষ কমিশন গঠন করা হয়। সেই কমিটিই ফৌজদারি অপরাধে দায়ে ওলি ও রমেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন বালেন্দ্র। সেখানেই তদন্ত কমিশনের সুপারিশ কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওলি ও রমেশকে ভদ্রকালীর কাঠমাণ্ডু জেলা পুলিশ সার্কেলে রাখা হয়েছে। আপাতত ওলিকে হাসপাতালে ভরতি করা হয়েছে। রবিবার তাঁদের কোর্টে তোলা হবে। গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ছবি পিটিআই