


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধনতেরসের আর প্রায় এক সপ্তাহ বাকি। তার আগেই স্বস্তির খবর কলকাতার সোনার বাজারে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, গত কয়েক দিন ধরে টানা কমছে সোনা-রুপোর দর। ২৯ অক্টোবর, বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৩৫০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক গয়নার সোনার দাম ছিল ১ লক্ষ ৩৬ হাজার ২৫০ টাকা।
শুক্রবার সেই দর নেমে এসেছে। এক দিনের তফাতে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১ হাজার ৬৫০ টাকা। তার দাম এদিন দাঁড়ায় ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক গয়না সোনার দামও কমেছে ১ হাজার ৫৫০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামের পতনও অব্যাহত। একদিনে কেজি পিছু দাম কমেছে ৭ হাজার ৮০০ টাকা। এদিন তার দাম দাঁড়ায় ১ লক্ষ ৮৫ হাজার ৪০০ টাকা।
এবার ধনতেরাস ৬ নভেম্বর, শুক্রবার। তার আগে দাম কমায় বিয়ের মরশুম ও ধনতেরসের কেনাকাটায় ভিড় বাড়বে বলেই আশা জুয়েলার্সদের।