


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রবিবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি উত্তর ওড়িশা এবং লাগোয়া দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। নিম্নচাপের প্রভাবে আজ সোমবার ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রগর্ভ মেঘসঞ্চারের ফলে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা কয়েকদিন থাকছে। উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের ওই এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিম্নচাপটি স্থলভূমিতে প্রবেশ করার পর যে গতিপ্রকৃতি থাকবে বলে মনে করা হচ্ছে, সেইমতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মত আবহাওয়া বিশেষজ্ঞদের। উত্তর ওড়িশা ও লাগোয়া দক্ষিণবঙ্গ হয়ে এটি মধ্য ভারতের দিকে যাবে। ফলে মধ্য ভারতেও বৃষ্টি বেশি হবে এই নিম্নচাপের প্রভাবে। আগস্টের শেষ সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় শক্তিশালী বৃষ্টির মেঘ তৈরি হয়েছে। এজন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।