


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর বাতিলের দাবিতে পথে সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। বুধবার ধর্মতলায় মিছিল শেষে দীপঙ্কর বলেন, ‘বাংলার জোট নিয়ে ভাববেন না। এটা বড়ো প্রশ্ন নয়। বিজেপিকে ভোটচুরি করে ক্ষমতায় এসেছে। অনেকে ভেবেছিলেন, একবার ক্ষমতায় এনে দেখি। তারপর দেখা যাচ্ছে, এই সরকারের নাম বুলডোজার! সকল মানুষকে একসঙ্গে আন্দোলনের ঐক্য গড়ে তুলতে হবে।’
এদিন দুপুর শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। দলের রাজ্য সম্পাদক অভিজিত্ মজুমদার, বাসুদেব বসু, সুচেতা দে, সুব্রত সেনগুপ্ত, বাবলু বন্দ্যোপাধ্যায় প্রমুখ মুখ্য নির্বাচনি কমিশনার (সিইও) নীলম মিনাকে স্বারকলিপি তুলে দেন। তাঁদের দাবি, যথাযথ ভোটার তালিকা তৈরি করে পুরসভা নির্বাচন করতে হবে।
দীপঙ্কর আরও বলেন, ‘সারা দেশে নতুন প্রজন্মকে দেখা যাচ্ছে। কয়েকটা দলের কথা ভাববেন না। সকলকে মিলে ঐক্যের কথা ভাবুন। কঠিন পরিস্থিতিতে কঠিনভাবে আন্দোলন করতে হয়।’ আজ, বৃহস্পতিবার সমস্ত বাম দলের আহ্বনে রানি রাসমণি রোডে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দিল্লি থেকে এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বাংলায় তো বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল। তারপরেও যদি বলে বিজেপির বিরুদ্ধে আমরা আছি, না বলতে পারব না। সারা ভারতে তো তৃণমূল নেই। বাংলায় তৃণমূল ছিল, এখন নেই। সেখানে তৃণমূলের সঙ্গে চলার সুযোগ নেই। এটা নতুন কোনো কথা নয়।’ অন্যদিকে, এদিন রাজ্যজুড়ে বিভিন্ন থানায় এসএফআই-ডিওয়াইএফআই ও মহিলা সমিতির তরফে সোশ্যাল মিডিয়ায় মহিলাদের কটূক্তির প্রতিবাদে অভিযোগ দায়ের করা হয়।