


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাইট রাইডার্সে আর বসবে না পণ্ডিতের পাঠশালা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার খবর জানিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। বিবৃতিতে বলা হয়েছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই কলকাতা নাইট রাইডার্সের হেড কোচের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হচ্ছে তাঁকে। ২০২৪ সালে পণ্ডিতের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল।’ সূত্রের খবর, বোলিং কোচ ভরত অরুণও কেকেআর ছাড়ছেন। তিনি লখনউ সুপার জায়ান্টস অথবা চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন।
ঘরোয়া ক্রিকেটে চন্দ্রকান্ত পণ্ডিত অত্যন্ত সফল কোচ। তাই ২০২৩ সালে ব্রেন্ডন ম্যাকালামের উত্তরসূরি হিসেবে কেকেআরের কোচ করা হয়েছিল তাঁকে। সেবার অবশ্য আইপিএলের প্লে’অফের যোগ্যতা অর্জন করতে পারেনি কেকেআর। পরের বছর গৌতম গম্ভীরকে মেন্টর করে নাইটরা। সাফল্যও আসে। ২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর পণ্ডিতের উপরই ভরসা রেখেছিলেন শাহরুখ, জুহিরা। কিন্তু দল সাফল্য পায়নি। তখনই পণ্ডিত বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছিল। অবশেষে সম্মানের সঙ্গে বিদায় নিলেন চান্দু স্যার। তাঁর পরিবর্তে নতুন কোচ কে হবেন, সেটাই দেখার। তবে প্রাক্তন নাইট ইয়ন মরগ্যানকে নিয়ে চলছে জোর চর্চা।
শুধু কোচ পরিবর্তন যথেষ্ট নয়, কেকেআরের হাল ফেরাতে দলেও আমূল পরিবর্তন প্রয়োজন। নিলামে বেঙ্কটেশ আয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে এখন হাত কামড়াচ্ছে কেকেআর কর্তৃপক্ষ। আস্থা কমেছে ক্যাপ্টেন রাহানের উপর। তাই শুরু হয়েছে নতুন নেতা খোঁজার কাজ। লোকেশ রাহুলকে পেতে মরিয়া নাইটরা। তারকা ব্যাটারকে ট্রেডিংয়ের মাধ্যমে নিতে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তাঁকে হয়তো ক্যাপ্টেন হিসেবেই চাইছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ পর্যন্ত দিল্লি রাহুলকে ছাড়তে রাজি হয় কিনা, সেটাই দেখার।