


নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে সাজিয়ে তোলার কাজ চলছে। অথচ পর্যটকদের প্রধান আকর্ষণ রাজবাড়ির মূল ফটকের সামনেই জল জমে থাকে। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে শহরবাসী।
পুরসভার দাবি, রাজবাড়ির পর থেকে মিনি বাসস্ট্যান্ডের সামনে দিয়ে যে নিকাশি নালা রয়েছে, তার ভিতরে কোনও সময়ে অজান্তেই কেউ কংক্রিট ঢালাই করে স্ল্যাব দিয়ে ঢেকে দিয়েছিল। ফলে ওই নিকাশি নালা দিয়ে জল বের হতো না। সম্প্রতি পুরসভার এক কাউন্সিলার নিকাশি নালার ভিতরে থাকা সেই কংক্রিট ঢালাইটি দেখতে পান। এরপর সেই কংক্রিট ঢালাই ভেঙে নিকাশি নালাটি পরিষ্কার করা হয়। এদিকে, রাজবাড়ির সামনের কেশব রোড উঁচু করা হলে তার ধার দিয়ে নিকাশি নালাটি কিছুটা গভীর হবে। তখন রাস্তাতেও জল জমবে না। আজ, সোমবার পূর্তদপ্তরের আধিকারিকের সঙ্গে এবিষয়ে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের আলোচনা হবে বলে জানা গিয়েছে। এই রাস্তাটি উঁচু করে নির্মাণ করা হলে সমস্যা পুরোপুরি মিটবে বলে পুরসভার দাবি।
পুরসভার চেয়ারম্যান বলেন, রাজবাড়ির সামনে যে জল জমে, তার একটা স্থায়ী সমাধান হয়েছে। আমরা আগে বুঝতেই পারিনি যে ওখানে স্ল্যাবের নীচে একটা কালভার্ট কংক্রিট দিয়ে বন্ধ করা ছিল। কাউন্সিলার অভিজিৎ মজুমদার সেটি খুঁজে বের করেন। এরপর সেটি ভেঙে পরিষ্কার করা হয়েছে। এখন জল বেরিয়ে যাচ্ছে।
রবি যোগ করেন, সেখানে যে দোকানগুলি বসে, তারা নিকাশি নালায় ময়লা ফেলে। রথের পর থেকে সেখানে আর কাউকে বসতে দেওয়া হবে না। তাহলে সেখানে জল আটকাবে না। রাস্তাতেও জল জমা বন্ধ হবে। সোমবার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পুরসভায় আমন্ত্রণ জানিয়েছি। তাঁকে অনুরোধ করব রাজবাড়ির গেট থেকে রামভোলা স্কুল পর্যন্ত রাস্তাটি উঁচু করতে। রাজমাতা দিঘির ওখানেও নিকাশি নালা নেই। সেটি করা গেলে সমস্যা মিটবে।
ফাইল চিত্র।