


ইসলামাবাদ: এবার বিচারপতি, আইনজীবী ও চিকিৎসক সহ পাকিস্তান সরকারের কর্মীদের বেছে বেছে নিশানা করা হবে। ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণের দায়স্বীকার করে এমনই হুমকি দিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। মঙ্গলবার ইসলামাবাদে আদালতের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। জখম বহু। এদিন পাক তালিবান জানিয়েছে, তারাই এই আত্মঘাতী হামলা চালিয়ায়েছে। আগামী দিনেও এই লড়াই চলবে।
মঙ্গলবারের এই হামলা প্রসঙ্গে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, এখন ‘জেগে ওঠার সময়’ চলে এসেছে। এমনিতেই বালোচিস্তানে টানা পাক বাহিনীর উপর হামলা চলছে। একইসঙ্গে খাইবার-পাখতুনওয়া প্রদেশেও মঙ্গলবার তালিবান হামলায় জখম ১৬ জন। এধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে পাক সরকারকে। প্রতিরক্ষামন্ত্রী আসিফের কথাতেই পাক সরকারের আশঙ্কার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি এব্যাপারে আফগানিস্তানের তালিবান সরকারের দিকেও আঙুল তুলেছেন। আসিফ বলেছেন, আফগানিস্তানের তালিবান আদৌ কোনও শান্তি প্রক্রিয়ায় বিশ্বাস করে কিনা, সেই প্রশ্ন তুলে দিয়েছে টিটিপির মঙ্গলবারের হামলা। কাবুলের সঙ্গে পাকিস্তানের সমঝোতা কীভাবে সফল হতে পারে, সেই প্রশ্নও তুলেছেন আসিফ।