


বেঙ্গালুরু: বিজেপির বিক্ষোভে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। দিয়েছেন দলেরই কয়েকজন সদস্য। এই অভিযোগে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবে মামলাটি খারিজ করেছে কর্ণাটক হাইকোর্ট। বিচারপতি ভি শ্রীশানন্দের পর্যবেক্ষণ, বিজেপির মতো একটি রাজনৈতিক দলের মিছিলে অংশগ্রহণকারীরা ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেবেন, তা অত্যন্ত অস্বাভাবিক। মামলা খারিজ চেয়ে আবেদনকারীর দাবি, মুখ ফসকে ‘পাকিস্তান মুর্দাবাদ’-এর পরিবর্তে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে ফেলেছিলেন বিক্ষোভকারীরা। সেই যুক্তি গ্রহণ করেছে আদালত।
পাকিস্তানের বিদেশমন্ত্রীর একটি আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ২০২২ সালের ১৮ ডিসেম্বর বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ, সেই মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়েছিল। তাতে ভাবাবেগে আঘাত পাওয়ার দাবি করে কান্নামবাড়ি কুমার নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। ওই মামলা খারিজের আরজি জানিয়ে আদালতে দায়ের হয় পিটিশন। আবেদনকারীর আইনজীবীর দাবি ছিল, স্লোগানটি অনিচ্ছাকৃত ভাবে দেওয়া হয়েছিল। সমাজে অশান্তি সৃষ্টি করা বা বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না। অন্যদিকে, রাজ্যের তরফে জানানো হয়, অভিযোগকারীর দেওয়া ভিডিয়োয় স্পষ্ট ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান শোনা যাচ্ছে। তাই তদন্ত চালিয়ে যাওয়া প্রয়োজন। তবে আদালত জানিয়েছে, ঘটনার প্রায় দু’বছর পর শুধুমাত্র একটি ভিডিয়োর ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্তকারী সংস্থা বিক্ষোভে অংশগ্রহণকারীদের পরিচয় কিংবা স্লোগানের ফলে কোনো প্রতিক্রিয়া বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, সে বিষয়ে তথ্য পায়নি। এই পরিস্থিতিতে ফৌজদারি মামলা চালিয়ে যাওয়া অপ্রয়োজনীয় বলে মনে করে মামলা খারিজের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।