


চণ্ডীগড়: মুখ্যমন্ত্রী নিজেই মদে ডুবে থাকেন। তিনি কীভাবে রাজ্যে মাদকের বিরুদ্ধে লড়াই করবেন? এমনই প্রশ্ন তুলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বেনজির আক্রমণ রাহুল গান্ধীর। বুধবার ভোটমুখী পাঞ্জাবের সাংরুরে কংগ্রেসের ইনসাফ র্যালিতে যোগ দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে মানের সঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, ‘উনি (পাঞ্জাবের মুখ্যমন্ত্রী) আমাদের সঙ্গে লোকসভাতেও ছিলেন। আমাদের সঙ্গেই বসতেন। মজার মজার জোকস শোনাতেন। তখনই লক্ষ্য করেছি, সকাল ১১টাতেও তাঁর মুখ থেকে মদের গন্ধ বেরত।’ রাহুলের প্রশ্ন, মাদকাসক্ত কোনো ব্যক্তি কীভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করবেন?
রাহুল বলেন, মদ্যপান করা ভগবন্ত মানের ব্যক্তিগত বিষয়। কিন্তু, আপনি যদি সত্যিই মাদকে বিরুদ্ধে লড়াই করতে চান, তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতি সন্ধ্যায় মদের বোতল নিয়ে বসতে পারেন না। এই প্রসঙ্গ টেনে পাঞ্জাবের আমজনতাকে রাহুলের বার্তা, আপনাদের এমন একজনকে দরকার যিনি রাজ্যের জন্য লড়াই করবেন। মাদকের ক্ষতিকর দিক নিয়েও অবগত। এবং সেই সমস্যা সমাধানে সর্বশক্তি নিয়ে লড়াই করবেন। এব্যাপারে শাসক দল আম আদমি পার্টিকেও এদিন কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল। তাঁর কথায়, দিল্লি থেকে পাঞ্জাবকে চালানো হচ্ছে। এটা চলতে পারে না। এখানে এমন সরকার দরকার, যাঁরা রাজ্যের স্বার্থে কাজ করবে। এদিন ‘চিট্টা’ (নিম্নমানের সিন্থেটিক ভেজাল হেরোইন) নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা।