


মেক্সিকান ফ্রুট স্যালাড
উপকরণ: তরমুজের ছোট টুকরো, ব্লুবেরি, কিউই, কমলালেবু সহ সব ফল মিলিয়ে ১ থেকে ১ বাটি, মধু ২ টেবিল চামচ, লেমন জুস ১ চামচ, লেমন জেস্ট চামচ।
প্রণালী: একটি বাটিতে মধু, লেবুর রস এবং অল্প লেমন জেস্ট নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত ফল একসঙ্গে একটা বড় বাটিতে নিন। তার উপরে মধুর মিশ্রণটা ছড়িয়ে দিন। এরপর বাটির মুখটা ঢাকা দিয়ে তা উপর নীচ করে ঝাঁকিয়ে নিন। তাতে ফলের সঙ্গে মধুর মিশ্রণ মিশে যাবে। এরপর ঢাকা খুলে উপরে লেমন জেস্ট অল্প করে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মেক্সিকান ফ্রুট স্যালাড।
কনডেন্সড মিল্ক ফ্রুট স্যালাড
উপকরণ: কলা ১টা, কিউই ১টা, আপেল ১টা ছোট সাইজের, মিষ্টি সবুজ আঙুর ১০ থেকে ১২টা,
৩ টেবিল চামচ কনডেন্সড মিল্ক,
২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম।
প্রণালী: কলা, আপেল, কিউই ছোট টুকরো করে কেটে নিন। তার সঙ্গে আঙুর মেশান। একটি পাত্রে সমস্ত ফল নিন। অন্য একটা বাটিতে কনডেন্সড মিল্ক এবং ফ্রেশ ক্রিম ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ফলের সঙ্গে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কনডেন্সড মিল্ক ফ্রুট স্যালাড।
ইতালিয়ান ফ্রুট স্যালাড
উপকরণ: কলা, আপেল, কিউই, ব্লুবেরি সব মিলিয়ে ১ বাটি, লাইম জুস ১ চামচ, পুদিনা পাতা ৩-৪টি, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ।
প্রণালী: কলা আপেল কিউই টুকরো করে নিতে হবে। এবার একটি পাত্রে পুদিনা পাতা নিয়ে তা অল্প কুচিয়ে নিতে হবে। এবার তাতে লেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপরে ফলগুলো একটি বাটিতে নিয়ে তার উপর লেবুর রসের মিশ্রণটি ঢেলে দিন। এরপর তা মুখ বন্ধ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। ফলের সঙ্গে লেবুর রসের মিশ্রণ মিশে যাবে। এরপর ঢাকা খুলে উপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই তৈরি ইতালিয়ান ফ্রুট স্যালাড।
কাস্টার্ড ফ্রুট স্যালাড
উপকরণ: দুধ ২ কাপ, চিনি ২ চামচ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, আপেল কুচি, কলা টুকরো করে কাটা, তরমুজ ছোট টুকরো করা ১ বাটি।
প্রণালী: প্রথমে দুধ ফুটতে দিতে হবে। তারপর তাতে চিনি মেশাতে হবে। চিনি দুধের সঙ্গে সম্পূর্ণ মিশে গেলে তা আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। এরপর তা থেকে খানিকটা দুধ নিয়ে তাতে কাস্টার্ড পাউডার গুলে নিতে হবে। এই দুধ বাকি দুধের সঙ্গে মিশিয়ে আর একবার ফুটিয়ে নিতে হবে। এবার কাস্টার্ড ফ্রিজে রেখে তা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এরপর সার্ভিং বাটিতে কাস্টার্ড ঢেলে দিন। তার উপরে ফলগুলো সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাস্টার্ড স্যালাড।