


অকল্যান্ড: বৃহস্পতিবার ৩৮ পূর্ণ করছেন বিরাট কোহলি। তার আগের দিনই নিজেকে দিলেন জন্মদিনের উপহার। প্রতিকূল কন্ডিশনে ৮০তম হাফ-সেঞ্চুরিতে নিশ্চিত করলেন দলের জয়। তাঁর ৭৪ রানের ইনিংস ওডিআই সিরিজে ১-০ এগিয়ে দিল ভারতকে। পাশাপাশি, এই ফরম্যাটে রান তাড়ার ক্ষেত্রে বিরাট সর্বাধিক রানে টপকে গেলেন শচীন তেন্ডুলকরকে (৮,৭২০)।
এদিনের ইনিংসের সুবাদে কোহলি (৮,৭৪১) আপাতত এগিয়ে ২১ রানে। পরে ব্যাট করে ১৮০ ম্যাচের ১৬৯ ইনিংসে যা এসেছে। অন্যদিকে, শচীনের ক্ষেত্রে ওই রানে পৌঁছাতে লেগেছে ২৪২ ম্যাচের ২৩২ ইনিংস। কোহলির গড় (৬৬.২১) স্বাভাবিকভাবেই একদিনের ম্যাচে রান তাড়ার ক্ষেত্রে শচীনের (৪২.৩৩) চেয়ে অনেকটাই বেশি। এক্ষেত্রে স্ট্রাইক রেটেও চেজমাস্টার (৯৫.০৩) এগিয়ে মাস্টার ব্লাস্টারের (৮৮.৪৪) থেকে। পরে ব্যাট করে কোহলির রয়েছে ৩০ শতরান ও ৪৬ অর্ধশতরান। শচীনের ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে ১৭ ও ৫২। একদিনের ক্রিকেটে রান তাড়া করে মোট রানে বিরাট, শচীনের পরে রয়েছেন রোহিত শর্মা (১৬৩ ইনিংসে ৬৮০১ রান), সনৎ জয়সূর্য (২১০ ইনিংসে ৫৭৪২ রান), জ্যাক কালিস (১৬৮ ইনিংসে ৫৫৭৫ রান)।
বুধবার অনন্য এক রেকর্ডও গড়লেন কোহলি। পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে তিন নম্বরে নেমে পূর্ণ করলেন ১৩ হাজার রান। তালিকায় দ্বিতীয় স্থানে রিকি পন্টিং (১২,৬৬২)। তিন নম্বরে গড়েও বিরাট (৬১.৬১) এগিয়ে পন্টিংয়ের (৪২.৪৮) চেয়ে। উল্লেখ্য, কোনো নির্দিষ্ট ব্যাটিং পজিশনে একমাত্র শচীনেরই এর চেয়ে বেশি রান রয়েছে। দু’নম্বরে নেমে মুম্বইকর করেছেন ১৩৬৮৫ রান।