


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শাস্ত্রমতে পুজো ও মন্ত্রের যথার্থ ব্যাখ্যা তুলে ধরতে বছরভর পাঠদান পর্ব চলে গুপ্তিপাড়া পৌরোহিত্য প্রশিক্ষণ কেন্দ্রে।
দুর্গাপুজোর প্রাক্কালে পৌরোহিত্যে শাস্ত্রীয় বিধি ও সঠিক পদ্ধতি মেনে পুজো সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল তারা। সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হল হোমপর্বকে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তথা সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান, গুপ্তিপাড়ার রামপাড়ার দুর্গামণ্ডপে আয়োজিত হয় সামবেদীয় হোম প্রণালীর হাতে-কলমে প্রশিক্ষণ শিবির।
এই প্রসঙ্গে প্রতিষ্ঠানের সম্পাদক তথা সহশিক্ষক অতনু গঙ্গোপাধ্যায় জানান, অগ্নিকে সাক্ষী রেখে বাস্তবভাবে কীভাবে সামবেদীয় হোম প্রণালী সম্পন্ন করতে হয়, তার ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়াই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য। তাঁর কথায়, দুর্গাপুজোর মূল চারটি ভাগ। স্নপন, পূজন, বলিদান ও হোম। বাকি অংশে প্রশিক্ষিত হলেও হাতেকলমে হোমপর্ব না শিখলে সবটা বৃথা। তাকেই গুরুত্ব দিতে চেয়েছি আমরা। প্রতিষ্ঠানের কর্তারা জানান, প্রথম পর্যায়ে অফলাইনে শতাধিক ছাত্রছাত্রীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে পৌরোহিত্য প্রশিক্ষণ কেন্দ্রের অনলাইন ব্যবস্থায় দেশ-বিদেশের পাঁচশোর বেশি ছাত্রছাত্রীর কাছেও এই প্রশিক্ষণক্রিয়া পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সারাবছর ধরে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রান্ত এবং বিদেশে বসবাসকারী বাঙালিদের পৌরোহিত্য প্রশিক্ষণের মাধ্যমে পুরোহিতকুলকে সুশিক্ষিত, যোগ্য ও দক্ষ করে তোলার ক্ষেত্রে ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। পাশাপাশি সারাবছর ধরে সংস্থার উদ্যোগে গীতাপাঠ, শীতবস্ত্র প্রদান, দরিদ্র নারায়ণ সেবা, গণউপনয়ন সহ নানা সমাজগঠনমূলক ও ধর্মীয় কর্মসূচিও গ্রহণ করা হয়। নিজস্ব চিত্র