


মুম্বই, ৭ ডিসেম্বর: সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙলেন ক্রিকেটার স্মৃতি মান্ধানা। আজ, রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় সেই কথা লিখেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। পলাশ-স্মৃতির বিয়ে নিয়ে বেশ কয়েকদিন ধরেই জোর গুঞ্জন চলছিল। গত ২৩ নভেম্বর চারহাত এক হওয়ার কথা ছিল পলাশ-স্মৃতির। গায়ে হলুদ থেকে সংগীতের প্রাক বিবাহের সমস্ত অনুষ্ঠান হয়ে গিয়েছিল। কিন্তু গত ২৩ নভেম্বর দুপুরে খবর পাওয়া যায় স্মৃতির বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই পলাশের হাসপাতালে ভর্তি হওয়ার খবরও সামনে আসে। সেই আবহে স্মৃতি নিজের বিয়ে পিছিয়ে দেন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ঘোরাফেরা করতে থেকে। সেই সব জল্পনার এদিন অবসান ঘটিয়েছেন স্মৃতি।
তিনি লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলাটা গুরুত্বপূর্ণ। আমি খুবই চাপা স্বভাবের। ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা করিনা। আমি সেই ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিতর্ক এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে তাই একই অনুরোধ জানাচ্ছি। গোপনীয়তাকে সম্মান করুন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চস্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব, এটাই আমার আশা। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’
স্মৃতির পোস্টের পরেই পলাশও নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। সংগীত পরিচালক লেখেন, ‘আমি এই ব্যক্তিগত সম্পর্ক ভুলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ ভিত্তিহীন গুজবে যে ভাবে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে, তা আমার কাছে কঠিন হয়ে উঠেছিল। খুব ভয় লেগেছে এই ঘটনায়। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু আমি বিশ্বাসের সঙ্গে, ভদ্র ভাবে পরিস্থিতি সামাল দেব। এই বিষয়ে কেউ গুঞ্জন ছড়ালে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’