


হোবার্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতেছে ভারতীয় মহিলা দল। তবে ওডিআই সিরিজে ব্যাকফুটে স্মৃতি মান্ধানারা। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে বশ মানিয়েছে অজিরা। এমন পরিস্থিতিতে হোবার্টে শুক্রবার দ্বিতীয় ম্যাচে নামছে দু’দল। তিন ম্যাচের সিরিজে আশা জিইয়ে রাখার জন্য জিততেই হবে হরমনপ্রীত-ব্রিগেডকে। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলবে না। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরতে চান অ্যালিসা হিলিরা।
ব্রিসবেনে ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছিল ভারতকে। প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। কেবল স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কাউর অর্ধশতরান হাঁকিয়েছিলেন। বাকিদের রান বলার মতো নয়। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে প্রতীকা রাওয়াল, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজদের বাড়তি দায়িত্ব নিতে হবে। বোলিংয়ে ভারতকে ভরসা জোগাচ্ছেন রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড় ও শ্রী চরণীরা। পক্ষান্তরে, টি-২০ সিরিজ হারের বদলা নিতে মরিয়া অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে অজি-ব্রিগেডের বড় ভরসা ক্যাপ্টেন অ্যালিসা হিলি। গত ম্যাচেও অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি। এছাড়া লিচফিল্ড, বেথ মুনি ছন্দে রয়েছেন। বোলিংয়ে ভরসা জোগাচ্ছেন অ্যাশলি গার্ডনার, মেগান স্কটরা।