


ফ্লোরিডা, ২৬ জুন: ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছেন। সঙ্গে করলেন রেকর্ডও। প্রথম কোনও ভারতীয় নভশ্চর হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছলেন শুভাংশু শুক্লা। গতকাল, বুধবার(ভারতীয় সময় অনুযায়ী) বেলা ১২টা ১ মিনিট নাগাদ আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। সঙ্গে রয়েছেন নাসার মিশন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাওস উজানানস্কি ও হাঙ্গেরির টিবর কাপু।
আজ, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ ডকিং প্রক্রিয়া শুরু হয়। সেই প্রক্রিয়ার পরই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পৌঁছন শুভাংশুরা। এখন সেখানেই আগামী ১৪ দিন থাকবেন তাঁরা। করবেন ৬০ ধরনের পরীক্ষা নিরীক্ষা। আন্তর্জাতিক স্পেস স্টেশনের ডকিংয়ের পূর্বে বিশেষ বার্তা দিয়েছিলেন ভারতীয় নভশ্চর। এদিন সকালে শুভাংশু বলেছিলেন, ‘আমি এখনও জিরো গ্র্যাভিটির সঙ্গে অভ্যস্ত হচ্ছি। ঠিক যেমন একটি শিশু হাঁটতে শেখে। সেইভাবেই শিখছি কীভাবে চলাফেরা করতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। তবে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। অনেক ঘুমাচ্ছি। আগামী গগনযান অভিযানের জন্য বড় পদক্ষেপ। ভারতের তিরঙ্গা আমায় মনে করিয়ে দিচ্ছে যে আপনারা সকলে আমার সঙ্গে রয়েছেন। আগামী ১৪ দিন আমার লক্ষ্য গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ করা এবং অভিজ্ঞতা সংগ্রহ করা।’