


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তমকুমারের জন্মশতবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে প্রকাশিত হল ‘সবার উপরে উত্তম’-এর দ্বিতীয় খণ্ড। বিভিন্ন দেশের লেখকদের লেখনিতে সমৃদ্ধ এই বই। রয়েছে দুষ্প্রাপ্য ছবি, পোস্টার এমনকি উত্তমকুমারের নিজের হাতের লেখা চিঠিও। বইটির ভূমিকা লিখেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল জানালেন, ‘বই সময়ের সঙ্গে অনন্তকাল বয়ে চলে। উত্তমকুমারও নিশ্চিন্তে চলেন সব সময়ের সঙ্গে।’ বইপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন মহানায়কের পুত্রবধূ সুমনা চট্টোপাধ্যায় ও মহুয়া চট্টোপাধ্যায়। বইয়ের সম্পাদক তথা জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস লিখেছেন, ‘শুধু জন্ম বা মৃত্যু দিবসে নয়, সারাবছরই সোশ্যাল সাইটে উত্তম-সংলাপ, উত্তম-ছবি, জনশ্রুতির ছড়াছড়ি। বাঙালি জীবনের সঙ্গে একাকার হয়ে গিয়েছেন তিনি।’