


করাচি, ৯ ডিসেম্বর: পহেলগাঁওতে জঙ্গি হামলার জবাব অপারেশন সিন্দুরের মাধ্যমে দিয়েছিল ভারত। যদিও সেই ঘা শুকোতে না শুকোতেই ফের হুংকার পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান বা সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের। গতকাল, সোমবার ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। মুনির বলেছেন, সংঘাতের পরিস্থিতি তৈরি হলে ইসলামাবাদ আরও দ্রুত ও কড়া জবাব দেবে। তিনি বলেছেন, ‘ভারতের কোনও ভুল ধারণার শিকার হওয়া উচিত হবে না।
কারণ, এ বার পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত ও কড়া। পাকিস্তানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে দেখা হতো। তবে কাউকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে পরীক্ষা করতে দেওয়া হবে না।’ বিগত কয়েকদিনে পাকিস্তানে পদোন্নতি হয়েছে মুনিরের। শাহবাজ শরিফের সরকার তাঁকে তিন বাহিনীর প্রধান তথা সেনা সর্বাধিনায়ক পদে বসিয়েছে। পাক সংবিধানে সশস্ত্র বাহিনীর তিন শাখার প্রধানের মাথার উপর কোনও পদের অস্তিত্ব এত দিন ছিল না। ফিল্ড মার্শাল মুনিরের জন্যই পাকিস্তানের পার্লামেন্টে সংবিধান সংশোধনের বিল পাশ করিয়ে বিশেষ ভাবে এই পদটি তৈরি করা হয়েছে।