


ক্যানাবেরা: মঙ্গলবার মধ্যরাতে পাল্টা শুল্ক নীতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-সহ বিশ্বের অন্য দেশগুলির জন্য এই শুল্ক আরোপ করেছেন তিনি। কিন্তু বিস্ময়কর ভাবে পেঙ্গুইনদের রাজত্বেও চেপেছে বাণিজ্য শুল্ক! এমন একটি দ্বীপপুঞ্জে ট্রাম্প সরকার ১০ শতাংশ পাল্টা শুল্কের ঘোষণা করেছে, যেখানে গত ১০ বছরে কোনও মানুষ পা দেয়নি। সেখানে শুধুই পেঙ্গুইন ও সিলের মতো প্রাণীদের রাজত্ব।
এখানে বলা হচ্ছে হার্ড অ্যান্ড ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ সম্পর্কে। এই এলাকা সারা বছরই থাকে তুষারাবৃত। এখানকার স্থায়ী বাসিন্দারা হল পেঙ্গুইন এবং সীল মাছ। এই এলাকাগুলি অস্ট্রেলিয়ার বহিরাগত অংশের মধ্যে পড়লেও তা মূল ভূখণ্ড থেকে প্রায় ৪০০০ কিমি দূরে অবস্থিত! যেখানে পৌঁছতে যে কোনও অজি নাগরিকেরও ১০ দিন সময় লেগে যায়। গত এক দশকে এই দ্বীপে মানুষ পা রাখেনি।
এমন একটি দ্বীপপুঞ্জেও ১০ শতাংশ শুল্ক আরোপ করায় ট্রাম্পের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ। পাশাপাশি তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া আমেরিকার উপর কোনও পাল্টা শুল্ক নীতি ঘোষণা করবে না। অস্ট্রেলিয়া এমন কোনও পদক্ষেপ নেবে না, যা দেশের আর্থিক বৃদ্ধিকে ধীর করে তুলতে পারে।