


মস্কো, ১১ মার্চ: রাশিয়ার মস্কোতে ‘বড়সড়’ ড্রোন হামলা চালাল ইউক্রেন। আর সেই ড্রোন হামলার জেরে মৃত্যু হয়েছে একজনের। জখম ৩। গতকাল, সোমবার রাতে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা থেকে রাশিয়ার দিকে ড্রোন হামলা চালায় কিয়েভ। প্রায় ৩৩৭টি ড্রোন ‘অস্ত্র’ রাশিয়ার দিকে নিক্ষেপ করা হয়। যার মধ্যে ৯১টি হামলা চালায় রাজধানী মস্কো এলাকায় ও ১২৬টি কুরশেক প্রদেশে। এমনটাই জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। বেশিরভাগ ড্রোনকেই গুলি করে নীচে নামিয়েছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের এই হামলা আজ পর্যন্ত সবচেয়ে বড় বলে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আর সেই কারণেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধপরিস্থিতি। কারণ ইউক্রেনের এই ড্রোন হামলার পাল্টা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মস্কো, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইউক্রেনের এই হামলার জেরে রাশিয়ায় মস্কোতে তড়িঘড়ি বন্ধ করে দিতে হয় ট্রেন ও উড়ান পরিষেবা। কিন্তু কেন ইউক্রেন এই পদক্ষেপ নিল? কোনও উত্তর খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। এদিকে আজ, মঙ্গলবারই সৌদি আরবে বৈঠকে বসার কথা রয়েছে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। সম্ভবত সেই বৈঠকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। তার আগেই মস্কোর উপর এই হামলা ভালো চোখে দেখছেন না ভ্লাদিমির পুতিন।