


তেল আভিভ: ইরান-আমেরিকা উত্তেজনার আবহে কর্মীদের ইজরায়েল ছাড়ার পরামর্শ মার্কিন দূতাবাসের। জানা যাচ্ছে, শুক্রবার ইজরায়েলের মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি একটি ইমেলে জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমেলে হাকাবির পরামর্শ, ‘যদি ইজরায়েল ত্যাগ করতে চান। তবে আজই করুন।’ পরিস্থিতির অবনতির আশঙ্কা করে হাকাবি আরও লিখেছেন, ‘আগামী দিনে ইজরায়েল ছাড়ার জন্য বিমান নাও মিলতে পারে।’ তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন হাকাবি।
বৃহস্পতিবার পরমাণুচুক্তি নিয়ে তৃতীয়বার আলোচনায় বসেছিল ইরান ও আমেরিকা। সেই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র মেলেনি। মনে করা হচ্ছে, এই পরিস্থিতিতে ইজরায়েল সহ পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সেনাঘাঁটি টার্গেট করতে পারে ইরান। ইতিমধ্যেই বিভিন্ন দেশের দূতাবাস তাঁদের কর্মীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। ইজরায়েলের দূতাবাসের কর্মীদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া। নাগরিকদের ইজরায়েলে না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত ও ইউরোপের বেশ কয়েকটি দেশও।