


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: লিলুয়ার বর্মা কলোনিতে মদের আসরে বচসার জেরে গুলিবিদ্ধ হলেন এক যুবক। মঙ্গলবার গভীর রাতের ঘটনা। লোকনাথ মাঝি ওরফে মালিঙ্গা নামে ওই যুবকের কাঁধে গুলি লাগে। তিনি হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। ধৃতরা হল মূল অভিযুক্ত প্রসেনজিৎ ঘোষ ও সানি হেলা। পুরানো শত্রুতার জেরে এই হামলার ঘটনা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সানিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হলেও, প্রসেনজিৎকে বুধবার গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে বর্মা কলোনির একটি গলিতে কয়েকজন যুবক মদের আসরে বসেছিল। সেই সময় লোকনাথ মাঝির সঙ্গে প্রসেনজিৎ ঘোষের বচসা বাধে। অভিযোগ, বচসা চরমে উঠতেই প্রসেনজিৎ আগ্নেয়াস্ত্র বের করে লোকনাথকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর কাঁধে লাগে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জখম যুবককে উদ্ধার করেন। ঘটনার পর মূল অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ সানি হেলাকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত প্রসেনজিৎ পলাতক ছিল। বুধবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে বর্মা কলোনিতে থমথমে পরিবেশ। এদিন সকাল থেকে পুলিশের টহলদারি দেখা যায় এলাকায়। তবে সেখানে স্থায়ী পুলিশ পিকেট, সিসিটিভি ক্যামেরা বসানো এবং নিয়মিত রাতের টহলের দাবি তুলেছেন বাসিন্দারা।
অন্যদিকে লিলুয়ায় অবৈধ মদের ঠেকে হানা দিয়ে বিপুল পরিমাণ বেআইনি বাংলা মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মনসা কলোনি এলাকায় অভিযান চালানো হয়।