


নয়াদিল্লি, ৮ ডিসেম্বর: পুতিনের পর এবার ভারত সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রাজধানী দিল্লি সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই তিনি ভারতে আসবেন। ফলে এটাই হবে জেলেনস্কির প্রথম ভারত সফর।
জানা গিয়েছে, রুশ প্রেসিডেন্ট আসার আগে থেকেই জেলেনস্কির সফর নিয়ে ভারত-ইউক্রেনের মধ্যে আলোচনা চলছিল। পুতিনের সফরের মাত্র একমাসের ব্যবধানে ইউক্রেনের প্রেসিডেন্টের এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। কারণ, জেলেনস্কির ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে।
অন্যদিকে, গত বছর নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেন সফরে গিয়েছিলেন। সেই সফরের মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই লাগাতার যোগাযোগ রেখে চলছে ভারত। এমনকী মোদি একাধিকবার জেলেনস্কির সঙ্গে ফোনে কথাও বলেছেন। মুখোমুখি সাক্ষাৎ করেছেন চারবার।