


কিয়েভ: আজ, বৃহস্পতিবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ধারাবাহিক হামলা চালাল রাশিয়া। এদিনের হামলায় কমপক্ষে ন’জন প্রাণ হারিয়েছেন। আহত আরও ৭০ জনের বেশি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টার মাথায় এই হামলা হয়।
ইউক্রেনের বিমানবাহিনীর তরফে দাবি করা হয়েছে, এদিন কিয়েভকে লক্ষ্য করে রাশিয়া ৭০টি ক্ষেপণাস্ত্র ও ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে। আবাসিক বহুতল, অসামরিক পরিকাঠামো সহ কিয়েভের অন্তত ১৩টি স্থানকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন জেলেনস্কি। এদিনের হামলার পরিপ্রেক্ষিতে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকায় পা রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
দেশের মাটিতে সাম্প্রতিকতম রুশ হামলার তীব্র নিন্দা করেছেন জেলেনস্কি। তিনি বলেন, গোটা ঘটনা সম্পর্কে সারা বিশ্বের মানুষের দেখা ও বোঝা অত্যন্ত জরুরি।