


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল প্রথম দিনেই হিট। বিকাশ ভবন সূত্রে খবর, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যেই ২৮ হাজারের বেশি ছাত্রছাত্রী নাম রেজিস্ট্রেশন করে ফেলেছেন। আবেদন ছাপিয়ে গিয়েছে ৭০ হাজার। পোর্টালে হিট হয়েছে চার লক্ষেরও বেশি! সবচেয়ে আশাব্যঞ্জক হল, গতবারের মতো সাইবার ক্যাফের মালিকের ভরসায় নয়, নিজেরাই পোর্টালে আবেদন করছেন ছাত্রছাত্রীরা। এর জন্য তাঁরা ব্যবহার করছেন পোর্টালের নবনিযুক্ত ফিচার ‘বীণা’ চ্যাটবটটির। আবেদনের প্রতিটি ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে তৈরি এই চ্যাটবটটি সাহায্য করেছে প্রায় সাড়ে তিন হাজার আবেদনকারীকে। বীণার সাফল্যে পোর্টালের হেল্পলাইনে ফোনও অনেক কম এসেছে বলে দাবি এক আধিকারিকের। সমস্যা সমাধানের জন্য ইমেলও এসেছে নগন্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে জানান, ২৮ হাজার ৪৪৩টি রেজিস্ট্রেশন হয়েছে। নথিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে ২৫১ জন ভিন রাজ্যের বাসিন্দা। মোট আবেদন জমা পড়েছে ৭১ হাজার ৯৪৯টি। প্রসঙ্গত, প্রায় সাড়ে ৯ লক্ষ আসনের জন্য কেন্দ্রীয় পোর্টালটির মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলবে। প্রথম পর্বের আবেদন চলবে ১ জুলাই পর্যন্ত। অন্যদিকে, বুধবার থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে, ওবিসি জটিলতা ও ক্যাম্পাসে বিক্ষোভের জন্য তা এদিন শুরু করা যায়নি। সূত্রের খবর, আজ বৃহস্পতিবার পোর্টাল খোলা হতে পারে। তবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স ডিপার্টমেন্ট সহ অন্যান্য বিভাগেঅ আবেদন প্রক্রিয়া যথারীতি চালু হয়েছে।