


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোয় রেকর্ড সংখ্যক যাত্রীকে পরিষেবা দিল শিয়ালদহ ডিভিশন। মহানগরীর সব চোখধাঁধানো প্রতিমা, মণ্ডপ দেখতে আশপাশের জেলার মানুষের অন্যতম ভরসা লোকাল ট্রেন। মূলত শিয়ালদহ ডিভিশনের অধীন বিভিন্ন স্টেশন থেকে লাখ লাখ যাত্রী প্রতি বছর পুজোর দিনগুলিতে ট্রেনে যাতায়াত করেন। কলকাতায় এসে ঠাকুর দেখে ফিরে যান ট্রেনেই। এবার এমনিতেই পুজো ছিল পাঁচদিনের। সব মিলিয়ে গত বছরের তুলনায় এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এক তৃতীয়াংশ অতিরিক্ত যাত্রী বহন করেছে শিয়ালদহ ডিভিশন। যার সৌজন্যে রেলের কোষাগারে বাড়তি লক্ষ্মীলাভ হয়েছে। এবার ষষ্ঠী থেকে দশমী— ছ’দিনে শিয়ালদহ ডিভিশনে মোট ২ কোটি ৬৩ লক্ষ ৩৯ হাজার ৬৯৮ জন যাত্রী যাতায়াত করেছেন। বিগত বছরের তুলনায় যা ৩৩.৪৪ শতাংশ বেশি। শারদোৎসবের বাম্পার ভিড় সামাল দিতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল রেল। সেই মতো চলতি বছর নিয়মিত দৈনন্দিন পরিষেবা ছাড়াও শিয়ালদহ ডিভিশন ২৬৬টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালিয়েছে রেল। যার ফলে এই বিপুল সংখ্যক যাত্রী পরিবহণ সম্ভব হয়েছে।
প্যান্ডেল হপারদের যাত্রাপথ মসৃণ করার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রী নিরাপত্তায় বিশেষ নজর দিয়েছিল রেল। পুজোর দিনগুলিতে বাড়তি রেল রক্ষী বাহিনী মোতায়েন থেকে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি চলেছে। পাশাপাশি, রেলের তরফে রাত-দিন চালু ছিল বিশেষ কন্ট্রোল রুম। প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন স্টেশনে হাজির ছিলেন মেডিকেল ইউনিটের সদস্যরা। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা বলেন, ‘ডিভিশনের
সমস্ত বিভাগের অধিকারিক-কর্মীরা দক্ষতার পরিচয় দিয়েছেন। দলগত
এই প্রচেষ্টার সৌজন্যে আমরা সফলভাবে এবারের দুর্গাপুজোয় কোটি কোটি যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পেরেছি।’