


গুয়াহাটি: ফের বড়সড় প্রশ্নচিহ্নের মুখে অসমের স্বাস্থ্যব্যবস্থা! কাছাড় জেলার শিলচর শহরের এক হাসপাতালে হাতেনাতে ধরা পড়লেন এক ভুয়ো চিকিৎসক। ধৃত ভুয়ো ডাক্তারের নাম পুলক মালাকার। তিনি শ্রীভূমি জেলার বাসিন্দা। অভিযোগ, বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ওই হাসপাতালের প্রসূতি বিভাগে শল্যচিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি। গর্ভবতীদের অপারেশন থেকে চিকিৎসা—সবই করতেন তিনি। সম্প্রতি এক গর্ভবতীর অস্ত্রোপচারের সময় পুলিসের জালে হাতেনাতে ধরা পড়েন অভিযুক্ত চিকিৎসক। খবর ছড়াতেই শিলচর শহরে চাঞ্চল্য ছড়ায়। বৈধ কাগজপত্র ছাড়া তিনি কীভাবে চিকিৎসক হিসেবে এই হাসপাতালে যোগ দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তদন্ত শুরু করেছে কাছাড় জেলা পুলিস। অভিযুক্ত কাদের মদতে এতদিন ধরে চাকরি করছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।