


তেহরান: আবারও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করল ইরান সরকার। শুক্রবার সেদেশের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, মধ্য ইরানে আমেরিকার পঞ্চম প্রজন্মের ফাইটার জেটটি ধ্বংস করেছে ইসলামিক রেভল্যুশন গার্ডস কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। আক্রান্ত বিমানটি ল্যাকনহিথ স্কোয়াড্রনের অংশ বলেও দাবি করা হয়েছে। ঘটনার একাধিক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে তেহরানের তরফে। জানানো হয়েছে, হামলায় বিমান চালকের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। আইআরজিসির আরও দাবি, ১২ ঘণ্টার মধ্যে তারা মোট দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আমেরিকা।
ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধে ইতিমধ্যেই এক মাস পার করেছে। এর আগে গত ১৯ মার্চ একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছিল তেহরান। সেসময় আমেরিকার পক্ষ থেকেও জানানো হয়েছিল, ইরানের আকাশে ক্ষতিগ্রস্ত একটি যুদ্ধবিমান মার্কিন বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। যদিও এদিনের এফ-৩৫ ধ্বংসের কথা উড়িয়ে দিয়েছে সমাজমাধ্যম এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রোক’। চ্যাটবটটি জানিয়েছে, ‘আইআরজিসি যে দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গত ১৯ মার্চের হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে নিরাপদেই মার্কিন ঘাঁটিতে অবতরণ করে সেটি। মনে হচ্ছে, এই ছবি পোপাগান্ডার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।’ আবার ইরানের প্রকাশ করা ভিডিয়ো ফুটেজেই দেখা গিয়েছে, ক্ষতিগ্রস্ত একটি বিমানের একটি অংশে লেখা রয়েছে ‘ইউরোপ’।